জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | 156 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে রতন মিয়ার ছুরিকাঘাতে শারমিন আক্তার রুমা (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ঘটনার পর স্বামী পলাতক রয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার কেওয়া চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুমা নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং স্বামী রতন মিয়ার সঙ্গে চন্নাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের সহকর্মী খোদেজা জানান, রুমা প্রায় তিন বছর আগে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর রতন মিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘদিন ধরে দম্পতির মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে কথাকাটাকাটির একপর্যায়ে রতন মিয়া ধারালো ছুরি দিয়ে রুমাকে আঘাত করেন। গুরুতর আহত রুমাকে পরিবারের সদস্যরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ বলেন, পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৪:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah