জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ০৮ জুন ২০২৬ | প্রিন্ট | 59 বার পঠিত
প্রতীকি ছবি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি টায়ার পাইরোলাইসিস প্ল্যান্ট থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকার যন্ত্রপাতি ও মালামাল চুরির ঘটনা ঘটেছে।
অভিযোগ উঠেছে, কারখানার দায়িত্বে থাকা কেয়ারটেকার মোঃ জসিম উদ্দিন ও তার পিতা মোঃ আব্দুল হাকিমসহ কয়েকজন এ চুরির সঙ্গে জড়িত। ঘটনার পর তারা পলাতক রয়েছেন।
কারখানার মালিক মোঃ কামরুজ্জামান গত ১ জুন ২০২৬ তারিখে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা কামরুজ্জামান সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে শ্রীপুরের টেক লক্ষ্মীপুর গ্রামে ‘টেকরাইজ বিডি লিমিটেড’ নামে পাইরোলাইসিস প্ল্যান্ট স্থাপন করেন। ২০১৮ সালে চালু হওয়া এ প্রকল্পটি করোনা মহামারির সময় বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তিনি অনিয়মিতভাবে কারখানা তদারকি করতেন।
প্রায় এক বছর আগে জসিম উদ্দিন (৩২) ও তার পিতা আব্দুল হাকিম (৬০)-কে মাসিক ৩০ হাজার টাকা বেতনে কেয়ারটেকার হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ৩০ মে সকালে মালিক জানতে পারেন যে কারখানার ভেতর থেকে মূল্যবান যন্ত্রপাতি ট্রাক ও কভার্ড ভ্যানে করে সরিয়ে নেওয়া হচ্ছে।
ঘটনাস্থলে গিয়ে দেখেন অধিকাংশ দামি যন্ত্রপাতি উধাও। উদ্ধারকৃত তথ্য অনুসারে, প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকার আমদানিকৃত দুটি পাইরোলাইসিস প্ল্যান্টসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং প্রায় ১ কোটি ১০ লাখ টাকার জেনারেটরসহ মোট সাড়ে ৪ কোটি টাকার মালামাল চুরি হয়েছে।
কারখানার মালিক মোঃ কামরুজ্জামান বলেন, “ব্যাংকের ঋণ ও নিজের সঞ্চয় দিয়ে গড়ে তোলা এই প্রকল্প লুট হয়ে যাওয়ায় আমি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছি। দ্রুত মালামাল উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
শ্রীপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চোরাই মালামাল উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৯:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah