চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 187 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শকরাদহ গ্রামে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত একটি ঘর থেকে তৃতীয় শ্রেণির এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ ডিসেম্বর বিকেলে মেয়েটি নিখোঁজ হয়। পরদিন ৩ ডিসেম্বর সকালে তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে হয়তো রাতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে তাকে ফেলে রাখা হয়েছে এখানে।
স্থানীয় সূত্র জানায়, জীবিকার তাগিদে শিশুটির মা দীর্ঘদিন ধরেই প্রবাসে থাকছেন। চার সন্তানের মধ্যে সবার ছোট এ শিশু স্থানীয় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। ২ ডিসেম্বর সন্ধ্যার পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে মাইকিং করে খোঁজ শুরু করেন।
৩ ডিসেম্বর সকালে শিশুটির বাবা প্রতিবেশী ইলিয়াছ মিয়ার পরিত্যক্ত ঘরের দরজা খোলা দেখতে পেয়ে সন্দেহ করেন। ঘরের ভেতরে ঢুকে তিনি মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে ইউপি সদস্য সুজন মেম্বারকে খবর দেওয়া হয়। তিনি বিষয়টি প্যানেল চেয়ারম্যান সজল চন্দ্র দাসকে জানালে তিনি নাসিরনগর থানায় অবহিত করেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্যানেল চেয়ারম্যান সজল চন্দ্র দাস বলেন, এতো নৃশংস ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ একজনকে আটক করেছে বলে শুনেছি। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে নাসিরনগর থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
Posted ২:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah