সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 255 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে পিকআপ-অটোরিকশার (ভিবাটেক) সঙ্গে সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে শহিদ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ২৩ জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার বিরাসার-লালপুর সড়কের টংগীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদ মিয়া আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের কইরাকান্দা গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল হাসেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শহিদ মিয়া গোকর্ণঘাট এলাকায় তার অসুস্থ নাতিকে দেখতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিরাসার-লালপুর সড়কের টংগীপাড়া এলাকায় পৌঁছালে একটি লালপুরগামী ভিবাটেকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তিনি ভিবাটেকের যাত্রী ছিলেন। পরে ভিবাটেক চালক গাজু মিয়া তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতের মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১:১২ অপরাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah