জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 241 বার পঠিত
পবিত্র শবে বরাত উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাব পশ্চিমপাড়ায় অবস্থিত মাহফুজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় নোয়াব খোদেজা জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে এই মাহফিল আয়োজন করা হয়। মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী মাহফিলে সভাপতিত্ব করেন। এ সভায় প্রতিষ্ঠানের মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী বলেন, “শবে বরাত মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রজনী। এই রাতে আল্লাহ তায়ালা বান্দাদের ক্ষমা ও রহমতের দরজা খুলে দেন। আমরা সকলে মিলে দোয়া করি যেন আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন এবং দেশ ও জাতির কল্যাণ দান করেন।”
মাহফিলে উপস্থিত আলেমগণ শবে বরাতের তাৎপর্য, ফজিলত ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মিলাদ শরীফ পাঠ করা হয় এবং সকলের কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত মাহফুজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় নূরানী বিভাগ, নাযেরা বিভাগ, হিফজুল কুরআন বিভাগ, শুনানি বিভাগসহ মীযান জামাত পর্যন্ত কিতাব বিভাগ রয়েছে। পর্যায়ক্রমে দাওরায়ে হাদিস চালুর পরিকল্পনা রয়েছে।
মাদ্রাসাটি শীর্ষ স্থানীয় অভিজ্ঞ ওলামায়ে কেরাম দ্বারা পরিচালিত এবং বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। প্রতিষ্ঠানটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। জনকল্যাণমুখী নীতি নিয়ে প্রতিষ্ঠানটি তার যাত্রা শুরু করেছে এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত দীনি শিক্ষা দিতে বিশেষ অবদান রাখছে।
মাদ্রাসায় আবাসিক ব্যবস্থাসহ আরবী, বাংলা, গণিত ও ইংরেজী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আন্তর্জাতিক মানের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে কুরআন ও সুন্নাহর আলোকে তাকওয়া ভিত্তিক জীবন গঠনে পিতৃস্নেহে পাঠদান করা হয়। এছাড়াও মাদ্রাসায় অনাবাসিক ডে-কেয়ার সুবিধা, ত্রৈমাসিক অভিভাবক সভা, মাসিক ও পাক্ষিক পরীক্ষা, খেলাধুলার ব্যবস্থা এবং বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের ব্যবস্থা রয়েছে।
প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী জানান, “আমরা চাই প্রতিটি গরিব শিশু যেন দীনি শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এই লক্ষ্যেই আমরা বিনামূল্যে শিক্ষা প্রদান করছি এবং জনবান্ধব নীতিমালা অনুসরণ করে মাদ্রাসা পরিচালনা করছি।”
মাহফিল শেষে সকলের মধ্যে খাবার বিতরণ করা হয়।
Posted ১:২৭ অপরাহ্ণ | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah