সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 163 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর ও নবীনগর এবং কুমিল্লার হোমনা উপজেলার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় হাজার ১৮০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। রবিবার (৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রাবেয়া মেমোরিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে রাবেয়া মেমোরিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আমির ফয়সালের সভাপতিত্বে এবং বাঞ্ছারামপুর সরকারি কলেজের প্রভাষক মো. চান মিয়া সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ইসলামিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর মো. আবু তৈয়ব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, সলিমগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মাওলা খান দিপু, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. রুহুল আমীন আবদুল্লাহ, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোশাররফ হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বাংলা অর্থ ও তর্জমাসহ কোরআন শরিফ বিতরণ করা হয়। কোরআন হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী সামিয়া বলেন, ‘আমাদের স্কুলে নিয়মিত কোরআন শিক্ষা দেওয়া হয়। অর্থসহ কোরআন শরিফ পেয়ে এখন বুঝে পড়তে পারব। এটি আমাদের জন্য অনেক মূল্যবান উপহার।’
অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাহিয়া বলেন, ‘আরবি পাঠের পাশাপাশি অর্থ বুঝতে পারব। কোরআনের আলোকে জীবন গড়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কোরআন মানবজাতির পূর্ণাঙ্গ জীবনবিধান। কোরআন বুঝে পড়লে ব্যক্তি ও সমাজ আলোকিত হয়। তারা শিক্ষার্থীদের কোরআনের আদর্শ ধারণ করে জীবন গড়ার আহ্বান জানান।
বক্তারা আরও জানান, ১৯৯৯ সাল থেকে ধারাবাহিকভাবে বসুন্ধরা গ্রুপ শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে কোরআন শরিফ বিতরণ করে আসছে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক মো. আমির ফয়সাল বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘পবিত্র আল কোরআনের আলোয় শিক্ষার্থীদের জীবন আলোকিত হোক—এটাই আমাদের কামনা।’
Posted ৩:১২ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah