নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ মার্চ ২০২৬ | প্রিন্ট | 109 বার পঠিত
কুষ্টিয়া সীমান্তের পৃথক দুই স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজীপুর বিওপির কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৪ হাজার ৫৬০ পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করা হয়।
এতে আরও বলা হয়, এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে একই ব্যাটালিয়নের পূর্ব বিলগাথুয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব চকলেট বাজি ও মদের আনুমানিক মূল্য ৯ লাখ ৯ হাজার টাকা।
বিজিবি জানায়, উদ্ধারকৃত চকলেট বাজি বিধি অনুযায়ী কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং ভারতীয় মদ ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও সীমান্ত এলাকায় বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
Posted ১০:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah