সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ০৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | 102 বার পঠিত
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জেলা শহরের জগৎবাজার ও আনন্দবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করছে—এমন অভিযোগের ভিত্তিতে বাজার মনিটরিং জোরদার করা হয়। এর অংশ হিসেবে পরিচালিত অভিযানে জগৎবাজারের দুই পাইকারি বিক্রেতা—মেসার্স শাহ আমানত ট্রেডার্স ও আল মদিনা বাণিজ্যালয়কে পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, রমজান উপলক্ষে জেলার বাজারগুলোতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। তিনি জানান, তুলনামূলকভাবে ব্রাহ্মণবাড়িয়ার বাজার পরিস্থিতি ভালো রয়েছে। তবে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি, মূল্যবৃদ্ধি বা অবৈধ মজুত করতে না পারে—সেজন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Posted ৩:৫২ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah