নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | 118 বার পঠিত
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইটি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ধানঘড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প নগরীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।
গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অননুমোদিত রঙ ও ফ্লেভার ব্যবহার করার অপরাধে ‘সুপার টেস্টি বেকারি’র মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও প্যাকেটজাত করার দায়ে ‘আকি মুড়ি ফ্যাক্টরি’র মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি গাইবান্ধা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়াও অভিযানে অংশ নেন।
এ বিষয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ উর রহমান বলেন, খাদ্যপণ্যে অননুমোদিত রঙ ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করা হলে তা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এসব খাবার খেলে অনেক সময় বমি, পেটব্যথা, ডায়রিয়া ও বদহজমের মতো সমস্যা দেখা দেয়। দীর্ঘমেয়াদে এগুলো শরীরে অ্যালার্জি, লিভার ও কিডনির ক্ষতি এমনকি ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে।
Posted ১:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah