জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ | প্রিন্ট | 88 বার পঠিত
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আনসার ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম বাবুল (৬০) কোনাবাড়ি থানার বাইমাইল এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল আলিমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বাইমাইল এলাকায় অবস্থিত ‘মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন’-এ অবৈধভাবে জ্বালানি তেল মজুত করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করা হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকা সত্ত্বেও ‘তেল নেই’ অজুহাতে বিক্রি বন্ধ রাখা হয়েছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান জানান, অবৈধ মজুতের দায়ে ম্যানেজারকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়েছে।
এছাড়া জব্দ করা তেল সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ৫:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah