সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 55 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আকানগর গ্রামের মাহমুদা বেগম (৪৫) হত্যা মামলার প্রধান আসামি ও তার ভাই আকতার হোসেনকে (৩২) সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৯-এর সিলেট ক্যাম্প ও ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আকতার হোসেন আকানগর গ্রামের মো. নাছির উদ্দিনের ছেলে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে র্যাব-৯-এর সিলেট কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, নিহত মাহমুদা বেগমের স্বামী ও ছেলে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি দেশে তার এক মেয়েকে নিয়ে বসবাস করতেন। ভাই আকতার হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে টাকা-পয়সাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও মামলা চলছিল।
গত ১৭ মার্চ গভীর রাতে আকতার হোসেন সহযোগীদের নিয়ে মাহমুদা বেগমের বাড়িতে গিয়ে টাকা-পয়সা নিয়ে ঝগড়ায় জড়ান এবং তাকে হত্যার হুমকি দেন।
এরপর ২০ মার্চ রাতে তিনি আবারও সহযোগীদের নিয়ে বাড়িতে গিয়ে মাহমুদা বেগমকে ঘর থেকে বের করে গোয়ালঘরে নিয়ে যান। সেখানে তাকে বাঁশের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
পরদিন সকালে নিহতের বাবা নাছির উদ্দিন বাড়িতে এসে গোয়ালঘরের ভেতরে বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় মাহমুদা বেগমের মরদেহ দেখতে পান।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ২২ মার্চ বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৪)।
ঘটনার পর আসামিদের গ্রেফতারে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে আকতার হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৫:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah