সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত
সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবির মহাপরিচালকের নির্দেশনা—“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
১০ এপ্রিল শুক্রবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলী ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার বিভিন্ন বিওপিতে পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—কসমেটিকস সামগ্রী, বাজি, চিংড়ি মাছের রেণু, জিরা, গরু, বাসমতি চাল, ফুসকা, কফি, এনার্জি ড্রিংকস, ব্লেজারের কাপড়, অ্যাকুয়ারিয়াম মাছ এবং মাদকদ্রব্য হিসেবে ইস্কাফ সিরাপ ও মদ।
আটককৃত পণ্যের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৪২০ টাকা। এসব মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত মাদক ব্যাটালিয়ন সদর দপ্তরের মাদক স্টোরে সংরক্ষণ করা হবে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম শরিফুল ইসলাম, এএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সবসময় সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরো বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
Posted ৫:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah