জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 24 বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি এবং অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)-এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স তামিম এন্টারপ্রাইজ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে মেসার্স আলী ফিলিং স্টেশন অনুমোদন ছাড়া ৬ হাজার ৫৪৬ লিটার জ্বালানি তেল মজুদ রাখায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা স্বার্থ সংরক্ষণ এবং বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে এলপি গ্যাস বিক্রি এবং জ্বালানি তেল অবৈধভাবে মজুদ কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ ভোক্তারা হয়রানি থেকে রক্ষা পাবেন।
Posted ৪:৩১ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah