জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 132 বার পঠিত
টঙ্গীর সবচেয়ে বড় মাদকের হাট হিসেবে পরিচিত হাজীর মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৭৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত পর্যন্ত টানা ৬ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার রাত ১১টা থেকে শুরু হওয়া অভিযানে অংশ নেয় জিএমপির একাধিক টিম।
পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে মাদক সেবন, মাদক বিক্রি, চুরি ও ছিনতাইসহ নানা অভিযোগে ৭৪ জনকে আটক করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ টাকা এবং চুরি-ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন অন্যতম বড় মাদক স্পট হিসেবে পরিচিত হাজীর মাজার বস্তিতে অভিযান পরিচালনা করেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেন।
অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, এর আগেও এ এলাকায় একাধিকবার অভিযান চালানো হয়েছে। সর্বশেষ অভিযানে আটক ৭৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah