সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ০২ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের দীর্ঘদিনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক অসহায় মা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ভাইকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ধরমন্ডল গ্রামে প্রতিবেশীদের সহায়তায় দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬) নামে দুই ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেন তাদের মা পারভীন আক্তার। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত দুই ভাই উপজেলার ধরমন্ডল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আজদু মিয়ার ছেলে। দণ্ডাদেশ কার্যকরের পর পুলিশ তাদের কারাগারে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে দুলাল ও মতি কয়েক বছর ধরে মাদকাসক্ত। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ছেলেদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মা বহুবার চেষ্টা করলেও কোনো সুফল মেলেনি।
সম্প্রতি মাদকের টাকার জন্য দুই ভাই আরও বেপরোয়া হয়ে ওঠেন। রোববার সকালে তারা মায়ের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং মাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দুই ভাইকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তাদের মা। এরপর ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এদিকে, একই ধরনের আরেকটি ঘটনায় গত শুক্রবার উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতিকুড়া গ্রামে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন তার বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন মাদকসেবী মো. নজরুল (২৬)-কে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। নজরুল আতিকুড়া গ্রামের বরজু মিয়ার ছেলে। দণ্ডাদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়।
একই উপজেলার মধ্যে অল্প সময়ের ব্যবধানে পরিবারের সদস্যদের মাধ্যমে দুই মাদকাসক্ত সন্তানকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
Posted ৩:২১ অপরাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah