সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 118 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার পক্ষে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। দীর্ঘদিনের ত্যাগী এই নেতার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহকে ঘিরে কসবা–আখাউড়া এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আজ ২১ ডিসেম্বর রবিবার সকালে কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফকর উদ্দিন খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুম খান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন যৌথভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
এ সময় কসবা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বসির চৌধুরী, যুগ্ম সম্পাদক মামুন মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি বদিউল আলম ও মিজু আহমেদ, পৌর বিএনপির সহ-সভাপতি এলু মিয়া ও ওমর ফারুকসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এছাড়াও যুবদল, ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট শাসনামলে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে গুম করা হয়েছিল। ভয়াবহ নির্যাতন ও দমন-পীড়নের মধ্যেও তিনি আদর্শচ্যুত হননি। গত ১৭ বছর ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে তিনি সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দুঃসময়ে নেতাকর্মীদের সাহস যুগিয়েছেন।
তারা আরো বলেন, আন্দোলন সংগ্রামে মামলা-হামলায় জর্জরিত নেতাকর্মীদের পাশে থেকে কবীর আহমেদ ভূঁইয়া নিয়মিত জামিন করিয়েছেন, মামলার খোঁজখবর নিয়েছেন এবং আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। সুখে-দুঃখে তিনি সবসময় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলেন।
নেতৃবৃন্দ জানান, প্রাকৃতিক দুর্যোগে বিশেষ করে বন্যাকালে তিনি নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন। করোনা মহামারির সময় কসবা ও আখাউড়া ছাড়াও ব্রাহ্মণবাড়ীয়া জেলা, দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশেও ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনে সহায়তা করেছেন।
নেতারা বলেন, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক, মানবিক কর্মকাণ্ড এবং ত্যাগের রাজনীতির কারণে কবীর আহমেদ ভূঁইয়া কসবা–আখাউড়া আসনে বিএনপির সবচেয়ে গ্রহণযোগ্য ও জনপ্রিয় মনোনয়ন প্রত্যাশী। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনে বিএনপি বিজয়ী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় দলীয় ঐক্য অটুট রেখে আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Posted ৫:৫৪ অপরাহ্ণ | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah