সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 145 বার পঠিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাঞ্ছারামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ জানুয়ারি সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফতেপুর গ্রামের প্রবাসীদের আয়োজনে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মফিজুল ইসলাম রুবেলের সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট রফিক সিকদার।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সব সময় আপসহীন ছিলেন। বছরের শেষ সূর্যাস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপসহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রী ও অভিভাবককে হারিয়েছে। তিনি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের মূর্ত প্রতীক।
রফিক সিকদার আরো বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য ত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ সময় তিনি খালেদা জিয়া এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতানা রাজিয়া ময়না।
এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন- ফতেপুরের সাবেক ইউপি সদস্য অরুন মিয়া, বিশিষ্ট সমাজসেবক আবুল খায়ের, অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম, সমাজসেবক আবুল হাসেম, সংযুক্ত আরব আমিরাত শাখার শ্রমিক দলের সদস্য সেলিম মিয়া, বিএনপির প্রবাসী নেতা রাসেল সরকার, ব্যবসায়ী মনির হোসেন, তুর্কি প্রবাসী মোহাম্মদ মাইনুদ্দিন, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডালিম সরকার, গ্রীস প্রবাসী শফিকুল ইসলাম, কুয়েত প্রবাসী আবদুল আওয়াল।
আলোচনা শেষে দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
Posted ৪:১০ অপরাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah