সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 94 বার পঠিত
ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেশের গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষার জন্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ভোট জালিয়াতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।
আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রার্থী হিসেবে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। তিনি ভোট প্রদান শেষে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে তরুণরা ঘরে বসেই বিশ্ববাজারে কাজ করার সুযোগ পায়।
শ্রমজীবী মানুষের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে নদী-নালা, খাল-বিলসহ প্রাকৃতিক সম্পদ রক্ষা, অসহায় ও প্রবীণ নাগরিকদের ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়া, নারীদের নিরাপত্তা এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
আগামী ১২ তারিখের নির্বাচন প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, ‘মাথাল’ প্রতীক বিজয়ী হলে এবং জোট সরকার গঠিত হলে বাঞ্ছারামপুরের ন্যায্য দাবিগুলো জোরালোভাবে আদায় করা সম্ভব হবে।
মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে তিনি বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৫:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah