সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 130 বার পঠিত
ফাঁসিতে ঝুলে এক নববধূ আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ ১ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আয়ুব চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম তাহসিন আহমেদ ফারহা (১৭)। তিনি কলেজপাড়া এলাকার সাউথ আফ্রিকা প্রবাসী শামীম চৌধুরীর মেয়ে। প্রায় তিন মাস আগে আখাউড়া উপজেলার ধাতুর পহেলা গ্রামের আব্বাস মিয়ার ছেলে সখিন মিয়া (২৪)-এর সঙ্গে তার বিয়ে হয়।
নিহতের পরিবার অভিযোগ করে জানায়, বিয়ের পর থেকেই স্বামী সখিন মিয়া নানা অজুহাতে ফারহার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এ বিষয়ে একাধিকবার পারিবারিকভাবে জানানো হলেও কোনো পরিবর্তন হয়নি। একপর্যায়ে গত ১৮ জানুয়ারি ফারহা বাবার বাড়িতে চলে আসেন।
নিহতের মা উম্মে হাবীবা রোমা বলেন, “বিয়ের পর থেকেই আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করা হচ্ছিল। সে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
বিষয়িট নিশ্চিত করে আখাউড়া থানার ওসি (তদন্ত) তানভীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ২:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah