সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | 159 বার পঠিত
নাসিরনগর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর মধ্যে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে রহিম তালুকদার কাসেম গোষ্ঠীর বাড়িঘরে হামলার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুপুরে কাসেম মিয়ার পক্ষ গোয়ালনগর স্কুলপাড়া জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। একইভাবে লালুয়ারটুক জামে মসজিদ থেকেও সংঘর্ষে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
একপর্যায়ে লালুয়ারটুক এলাকার একটি ইটভাটা থেকে ট্রাকে করে ইটের খোয়া এনে হামলায় ব্যবহার করা হয়। এ সময় উভয় গোষ্ঠীর লোকজন টেঁটা, বল্লম, দা-সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে নাসিরনগর থানা ও চাতলপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি তদন্ত করে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Posted ৫:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah