সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 208 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকালেই অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন, এবং প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান। প্রধান অতিথি তার বক্তব্যে মহান ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সামিউল বাছির, থানার ওসি তদন্ত কৃষ্ণলাল ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা পল্লী বিদ্যুৎ ডিএমজি প্রকৌশলী আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোহাম্মদ রাফিজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা কালন চৌধুরী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক বিএম গিয়াস উদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবে।
সভা শেষে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Posted ৪:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah