সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 166 বার পঠিত
বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের পুরান কদমতুলি–তাতুয়াকান্দি সড়কে ঢোলভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি কালভার্ট দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মরণফাঁদে পরিণত হয়েছে। কবরস্থানের নিকটবর্তী এই কালভার্ট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে।
সাড়ে ১১ মিটার দৈর্ঘ্যের কালভার্টটির মূল ঢালাই কয়েক বছর আগে ভেঙে যাওয়ার পর লোহার পাটাতন বসিয়ে সাময়িকভাবে যান চলাচল চালু রাখা হয়। তবে বর্তমানে সেই পাটাতনের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং একাংশ দেবে যাওয়ায় যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এলাকাবাসী একে ‘মরণ সেতু’ নামে অভিহিত করছেন।
স্থানীয়দের অভিযোগ, ইতোমধ্যে অর্ধশতাধিক যানবাহন এই কালভার্ট পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালক, যাত্রী ও পথচারী আহত হয়েছেন। সরেজমিনে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ অংশে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা সংকেত নেই। ফলে বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে কালভার্টটি পার হচ্ছে।
এই সড়ক দিয়ে অটোবাইক, মোটরসাইকেল, টেম্পো, রিকশা ও ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সন্ধ্যার পর আলো স্বল্পতার কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায় বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ১৯৯৪ সালে কদমতুলি–তাতুয়াকান্দি সড়কে কালভার্টটি নির্মাণ করা হয়। সোনারামপুর, মরিচাকান্দি, দরিয়াদৌলত, পাহাড়িয়াকান্দি, নতুন কদমতুলি ও তাতুয়াকান্দিসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের শত শত মানুষ প্রতিদিন এটি ব্যবহার করে।
অটোরিকশা চালক জীবন মিয়া বলেন, “গত দুই বছর ধরে কালভার্টটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা অনিবার্য।”
ভ্যানচালক মমিন উদ্দীন বলেন, “কয়েকদিন আগে আমার ভ্যানের চাকা গর্তে পড়ে দুর্ঘটনা ঘটে, যাত্রী আহত হন। রাতে চলাচল আরও বিপজ্জনক।”
স্কুল শিক্ষার্থী সফিকুল ইসলাম জানায়, “প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়। দ্রুত সংস্কার খুবই প্রয়োজন।”
সমাজ সংগঠক আবুল বাশার বাদশা বলেন, “এক হাতে প্রাণ আরেক হাতে প্রয়োজন নিয়ে মানুষ এই মরণফাঁদ কালভার্ট দিয়ে চলাচল করছে।”
এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মিজানুর রহমান বলেন, “কালভার্টটি সংস্কারের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।”
Posted ১০:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah