সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 204 বার পঠিত
বাঞ্ছারামপুরে ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ইব্রাহিম (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। ৭ অক্টোবর মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ইব্রাহিম স্থানীয় আমান উল্লাহ ভূঁইয়ার ছেলে ও বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালে ইব্রাহিম তার বন্ধু নাঈম ও আরেকজনের সঙ্গে নদীতে গোসল করতে নামে।
এ সময় নদীতে পানির স্রোত বেশ প্রবল ছিল। ইব্রাহিম সাঁতার না জানায় হঠাৎ স্রোতে তলিয়ে যায়। বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তারা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। অভিযানে নেতৃত্ব দেন স্টেশন অফিসার আব্দুল কাদের। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়েও শিশুটিকে খুঁজে না পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে তারা যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।
বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সেন্টু চন্দ্র সেন বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। পরে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল যোগ দেয়। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়েও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাত হয়ে যাওয়ায় অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। ৮ অক্টোবর বুধবার সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু হবে।
Posted ৭:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah