সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 137 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মহসীন বলেছেন, সংসদ সদস্য হওয়া কোনোভাবেই জমিদারি কায়েম করার নাম নয়; বরং জনগণের আমানতের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করাই একজন জনপ্রতিনিধির মূল কাজ। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তাঁর মূল কর্মসূচি হবে—‘এমপি সাহেব হিসাব দাও’। বাঞ্ছারামপুরের জন্য প্রাপ্ত সব বরাদ্দ ও ব্যয়ের হিসাব জনগণের জানার সুবিধার্থে বিলবোর্ডে প্রকাশ করা হবে।
১ ফেব্রুয়ারি রবিবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউপি কমপ্লেক্স মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. মহসীন বলেন, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে—ভোট শেষ হলে জনপ্রতিনিধিদের আর খুঁজে পাওয়া যায় না। তবে তিনি নির্বাচিত হলে জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, তাঁর কিংবা তাঁর পরিবারের মাধ্যমে জনগণের কোনো অবৈধ অর্থ আত্মসাৎ করা হবে না এবং আমানতের খেয়ানত করা তাঁর দ্বারা সম্ভব নয়।
তিনি বলেন, সুশাসনের অভাবে দেশে দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, যা সমাজের জন্য একটি মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে।
মো. মহসীন বলেন, জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা নয়; বরং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আল্লাহভীরু, সৎ ও আমানতদার নেতৃত্ব সংসদে গেলে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সমাজে ন্যায়বিচার নিশ্চিত হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা বলেন, আল্লাহভীরু, আমানতদার ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভোটের মর্যাদা রক্ষা করা হবে এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করা হবে না।
তিনি আরও বলেন, জনগণের ভোটে বিজয়ী হলে সবাইকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনায় ভূমিকা রাখতে চান তাঁরা।
পাহাড়িয়াকান্দি ইউনিয়ন জামায়াতের মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় উপজেলা জামায়াত নেতা মাসুদুর রহমান, ছাত্রশিবিরের সভাপতি মো. মাহিমুর রহমান, পৌর মেয়র পদপ্রার্থী নূর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah