সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 184 বার পঠিত
মেঘনা নদীতে সীমানা অতিক্রম করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ড্রেজার জব্দের পাশাপাশি মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি সংলগ্ন নদী অংশে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় মিজানুরকে জরিমানা করা হয়।
এর আগের দিন, শনিবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি, কানাইনগর ও শান্তিপুর এলাকার স্থানীয় বাসিন্দারা মেঘনা নদীতে অব্যাহতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ জানায়।
তারা ছয়টি ইঞ্জিনচালিত ট্রলারে করে ড্রেজার বন্ধ করতে নদীতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। তাদের দাবি, অপটিক্যাল সার্ভের সীমানা অতিক্রম করে শতাধিক ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। যার ফলে নদীর পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে এবং স্থানীয়দের বাড়িঘর হুমকির মুখে পড়েছে।
স্থানীয়দের বাঁধার মুখে তখন ড্রেজার মালিকপক্ষ সরে গেলেও সন্ধ্যায় শান্তিপুর গ্রামের সাধারণ মানুষদের লক্ষ্য করে বালু উত্তোলনপন্থী একদল দুর্বৃত্ত গুলি চালায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ সময় ইয়ামিন (১৭) নামের মরিচাকান্দি ডিটি অ্যাকাডেমির দশম শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। তার পরিবার জানায়, গুরুতর আহত অবস্থায় ইয়ামিনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
গুলিবিদ্ধ ইয়ামিন সাংবাদিকদের জানান, তিনি বাজারে যাওয়ার সময় হঠাৎ গুলি এসে পায়ে লাগে।
কে গুলি করেছে তা তিনি দেখতে পাননি, তবে চিকিৎসক জানিয়েছেন গুলি তার পায়ের মাসল ভেদ করে বের হয়ে গেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে বালু মহালের ইজারাদার আবদুল কাইয়ুম বলেন, ‘স্থানীয় কিছু লোক ড্রেজারে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। আমরা এর প্রতিরোধ করি। তবে ইয়ামিনকে কারা গুলি করেছে সে বিষয়ে আমার কোনো কিছু জানা নেই।
’শান্তিপুর গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি মাইকে ঘোষণা দিয়ে বলেন, সীমানার বাইরে বালু উত্তোলন বন্ধ না হলে তারা নিজেরাই তা প্রতিহত করবেন। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে রবিবার দুপুরে ঘটনাস্থলে গেলে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ ও সাধারণ সম্পাদক শামীম শিবলীসহ পাঁচজন সাংবাদিকের ওপর হামলা চালায় বালুমহালের লোকজন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, ‘গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে শুনেছেন, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো জানান, রবিবার সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে অভিযান পরিচালনা করেছে।
Posted ৫:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah