সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 208 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা ১৪ নভেম্বর শুক্রবার দুপুরে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। শিক্ষা উপকরণ হিসেবে ছিল একটি স্কুলব্যাগ, একটি ছাতা ও রেইনকোট। এতে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের (সংযুক্ত) সচিব মাহমুদুল হোসাইন খান।
প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী আশুগঞ্জকে পৌরসভা ঘোষণা, প্রেসক্লাব আধুনিকায়ন, উপজেলার বিভিন্ন সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নসহ উপজেলার সার্বিক উন্নয়নের আশ্বাস দেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে উদ্দিন ছড়ার সঞ্চালনায় বক্তৃতা করেন – আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, আশুগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন খান, আশুগঞ্জ সার কারখানা কলেজের অধ্যক্ষ মো. শওকত আলী, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী আনোয়ার হোসেন পাটোয়ারী, সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, এলজিআরডি নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল, জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম, প্রেসক্লাবের সম্পাদক লোকমান হোসেনসহ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২১০ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা সহায়তা বিতরণ করা হয়।
পরে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের (সংযুক্ত) সচিব মাহমুদুল হোসাইন খান উপজেলার বিভিন্ন সড়ক, কাচারি পুকুরের পাড়, সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
Posted ১০:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah