সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 227 বার পঠিত
বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবু মুছা সরকার হত্যার প্রতিবাদে দুই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ ডিসেম্বর মঙ্গলবার সকালে প্রথম মানববন্ধনটি হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ বাজারে ইউনিয়নবাসীর আয়োজনে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমবেত হয়ে পুনরায় মানববন্ধনে বক্তব্য রাখেন বক্তারা।
এ সময় বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত মুছা মেম্বারের মেয়ে সোনিয়া আক্তার বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আশরাফবাদ গ্রামের সায়েম মিয়াকে প্রধান আসামি করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবু মুছা সরকারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা বলেন, মুছা সরকারের মতো সৎ ও জনপ্রিয় একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা এলাকার জন্য বিরাট ক্ষতি। হত্যাকারীরা যতই প্রভাবশালী হোক, আমরা ফাঁসি ছাড়া শান্ত হবো না।
বক্তারা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আসামিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা জাসাসের আহ্বায়ক এম. এ. সালাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রফিক মিয়া, এক দুই ও নিহতের মেয়ে সোনিয়া আক্তার, ছেলে জয় সরকার, উজ্বল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান জানান, ভিকটিমের পরিবার অভিযোগ দায়ের করতে বিলম্ব করেছে। আজ সকালে তারা অভিযোগ দিলে তা গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে।
Posted ১১:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah