সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 102 বার পঠিত
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত হয়ে নির্বাচন করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ২৪ ডিসেম্বর বুধবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই আসনে সাকির নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ওই সময় বিএনপি মহাসচিব বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছেড়ে দেওয়া আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির সাথে আসন সমঝোতা করলেও দলটিতে যোগ দেননি জোনায়েদ সাকি। ফলে তাকে তার নিজ দলে প্রতীত ‘মাথাল’ নিয়েই নির্বাচন করতে হবে।
এদিকে, বাঞ্ছারামপুর আসনে সাকির মনোনয়ন ঘিরে তৃণমূল বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ধানের শিষে প্রার্থী চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন নেতাকর্মীরা। আবার কেউ কেউ বিষয়টিকে স্বাগতও জানিয়েছেন।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। আমি এখনো বিশ্বাস করি শেষ পর্যন্ত ধানের শীষের প্রতীক বাঞ্ছারামপুর এলাকাবাসী পাবেই। সে যেই হোক। দল আমাদের এখনো কিছুই জানায়নি।
বিএনপি নেতা ও সাবেক সাংসদ এম এ খালেক পিএসসি বলেন, আমি সিদ্ধান্তহীনতায় রয়েছি। দলের সাথে ডিটেইলস কথা বলে সিদ্ধান্ত নিব। এলাকার নেতাকর্মীদের চাপে রয়েছি। ওরা হয়তো ২৭ তারিখ মনোনয়ন ফর্ম কিনবে। আমরা উপজেলার বিএনপির সকল নেতাকর্মী মিলে অচিরেই বৈঠক করব। তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
Posted ৩:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah