দুলাল মিয়া | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 98 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জনই নির্ধারিত ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী ও জোনায়েদ সাকি ‘মাথাল’ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৯৫ হাজার ৩৪২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৯ হাজার ৯৭৬ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া জেলার এ আসনে মোট প্রদত্ত ভোট ১ লাখ ৫৩ হাজার ৫০টি, যা মোট ভোটের ৫২.৫৮ শতাংশ। নির্বাচন বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসাবে ১৯ হাজার ১৩১ ভোটের কম পাওয়ায় ৮ জন প্রার্থী তাদের জমা দেওয়া ৫০ হাজার টাকা করে জামানত হারান।
জামানত হারানো প্রার্থীরা হলেন— জেএসডির কে এম জাবির (তারা) ১৬৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী ড. মো. সাইদুজ্জামান কামাল (হরিণ) ১,৯২৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী আবু কায়েস সিকদার (ফুটবল) ৬৬৬ ভোট, ইসলামী ফ্রন্টের আবু নাসের (মোমবাতি) ২,৩৫৩ ভোট, এনপিপির সফিকুল ইসলাম (আম) ১০৬ ভোট, ইনসানিয়াত বিপ্লবের হাবিবুর রহমান (আপেল) ১৩৯ ভোট, ইসলামী আন্দোলনের সাইদউদ্দিন খান (হাতপাখা) ৮,৫৭২ ভোট এবং গণঅধিকার পরিষদের সফিকুল ইসলাম (ট্রাক) ২৮৯ ভোট।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, একটি আসনে মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। ঘোষিত ফলাফলের ভিত্তিতে ওই ৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
Posted ৫:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah