সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 100 বার পঠিত
ঈদে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন আখাউড়া উপজেলার স্বপন মিয়া, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাঁর জীবন শেষ হলো সৌদি আরবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সৌদি সময়, রিয়াদে একটি সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুই বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন।
নিহত স্বপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক দশক আগে জীবিকার সন্ধানে তিনি সৌদি আরবে পাড়ি জমান এবং রিয়াদে একটি ইলেকট্রিক কোম্পানিতে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার সময় স্বপন কাজ শেষে বাসায় ফেরার পথে বহনকারী গাড়ি বিপরীতমুখী গাড়ির সঙ্গে সংঘর্ষে নিহত হন। তাঁর চাচাতো ভাই মো. আনিসুর রহমান বলেন, “স্বপন খুবই আন্তরিক ও পরিশ্রমী মানুষ ছিলেন। এবারের ঈদে দেশে আসার কথা ছিল। এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া কঠিন।”
পরিবার দ্রুত স্বপনের মরদেহ দেশে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে। আকস্মিক মৃত্যুর ফলে নুরপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
Posted ৩:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah