সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | 40 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আক্তার মিয়া ও হাবিব মিয়া নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় গোষ্ঠীর অন্তত ৪০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেন।
এ ঘটনায় জিয়াউর রহমান একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর আগে কয়েক দিন আগেও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রহিম গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজন টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আক্তার মিয়া ও হাবিব মিয়ার মৃত্যু হয় এবং উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, হাসপাতালে দুইজন গুরুতর আহত ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ জানান, পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
Posted ৯:০৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah