আরিফুর রহমান আরিফ : | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
প্রবাসী সাংবাদিক মনোয়ারুল ইসলাম যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিকগনিশন অর্জন করেছেন। শুক্রবার নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে কংগ্রেস সদস্য গ্রেস মেং তার হাতে এ সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারি গোলাম মোর্তুজা, প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা মনোয়ারুল ইসলামের দীর্ঘ সাংবাদিকতা জীবন ও প্রবাসী সমাজে তার অবদানের প্রশংসা করেন। গ্রেস মেং বলেন, সাংবাদিকতায় দীর্ঘদিনের অবদান এবং কমিউনিটির প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
মনোয়ারুল ইসলাম দেশে দৈনিক আজকের কাগজ, বাংলাবাজার পত্রিকা ও মানবজমিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বর্তমানে তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল পত্রিকার কনট্রিবিউটিং এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
একই অনুষ্ঠানে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাংবাদিক মমিন মজুমদারকেও কংগ্রেশনাল রিকগনিশন প্রদান করা হয়।
বক্তারা বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যেও প্রবাসী সাংবাদিকতা বা এথনিক জার্নালিজম কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মরহুম ফাজলে রশীদের স্মরণে প্রবর্তিত ‘ফাজলে রশীদ পদক’ প্রদান করা হয়। এ বছর এ পদকের জন্য মনোনীত হন সিনিয়র সাংবাদিক, লেখক ও অনুবাদক আনোয়ার হোসাইন মঞ্জু।
এ সময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
শেষে ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটির পরিচয় তুলে ধরা হয় এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মঈনুদ্দীন নাসের। কমিশনের সদস্যরাও এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন।
Posted ৪:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah