অনলাইন ডেস্ক | বুধবার, ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ-আকাশে হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিমানের প্রধান পাইলট গাঁজা সেবন করেছিলেন বলে দুই দফা ডোপ টেস্টে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার পর বিমানের দুই পাইলটকেই সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে গ্রাউন্ডেড করা হয়েছে।
গত ৪ আগস্ট ১৩৭ যাত্রী ও আটজন ক্রু সদস্য নিয়ে ফুকেট থেকে দিল্লির উদ্দেশে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ‘এআই-২৩৭৯’ ফ্লাইট। ক্রুজিং অবস্থায় এয়ারবাস এ৩২০নিও বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে বিমানের ভেতরে তীব্র ‘নেগেটিভ-জি’ পরিস্থিতি তৈরি হয়।
সিটবেল্ট না বাঁধা থাকায় কয়েকজন যাত্রী আসন থেকে ছিটকে পড়েন। এতে অন্তত ২০ যাত্রী ও চারজন ক্রু সদস্য আহত হন। আহতদের মধ্যে দুজন ক্রু সদস্যের টেলবোন ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি হঠাৎ নিচে নেমে যাওয়ার সময় প্রধান পাইলট ককপিটের নির্ধারিত আসনে ছিলেন না। তখন সহ-পাইলট বিমানটি নিয়ন্ত্রণ করছিলেন।
দিল্লিতে অবতরণের পর নিয়ম অনুযায়ী দুই পাইলটের ডোপ টেস্ট করা হয়। প্রথম পরীক্ষায় প্রধান পাইলটের শরীরে গাঁজার সক্রিয় উপাদান শনাক্ত হয়। পরে মঙ্গলবার দ্বিতীয় পরীক্ষাতেও একই ফল পাওয়া যায়।
তবে পাইলটের গাঁজা সেবনের সঙ্গে বিমানটি হঠাৎ নিচে নেমে যাওয়ার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিমানটি কেন এমন আচরণ করেছিল, তা জানতে যান্ত্রিক ত্রুটি, হাইড্রোলিক সমস্যা ও মানবিক ভুলসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লাইটের রেকর্ড করা ডেটা, বিমান রক্ষণাবেক্ষণের নথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যসহ বিভিন্ন তথ্য পরীক্ষা করা হচ্ছে।
মন্ত্রণালয় বলেছে, তদন্ত শেষ হওয়ার আগে কোনো আংশিক তথ্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। ঘটনার প্রকৃত কারণ শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোই তদন্তের মূল উদ্দেশ্য।
এদিকে এয়ার ইন্ডিয়ার বিদায়ী সিইও ক্যাম্পবেল উইলসন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।
বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু বলেছেন, বিমান চলাচলের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপত্তার প্রশ্নে নিয়ন্ত্রক সংস্থা বা এয়ারলাইন্স—কোনো পক্ষের সঙ্গেই আপস করা হবে না।
Posted ১:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah