নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 22 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার প্রাণকেন্দ্র তন্তর বাজারকে পৌরসভা ঘোষণার দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন বিএনপি কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের এমপি প্রার্থী ও ভূঞা গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঞা। ২৩ এপ্রিল ২০২৬ তারিখে এলাকাবাসীর পক্ষে এই চিঠি প্রেরণ করা হয়। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তাঁর এই উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
চিঠিতে কবীর আহমেদ ভূঞা বিস্তারিতভাবে তুলে ধরেন কেন তন্তর বাজার পৌরসভা ঘোষণার সম্পূর্ণ যোগ্য। চট্টগ্রাম-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এই বাজারটি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের অন্তর্গত এবং বর্তমানে এটি উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। বর্তমান জনসংখ্যা প্রায় ৬০ হাজার এবং ভোটার সংখ্যা প্রায় ৩৫ হাজার। ১৭টি মৌজা অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে এবং এলাকার অধিকাংশ বাসিন্দার পেশা অকৃষি এবং ভূমির বড় অংশও অকৃষি প্রকৃতির — যা পৌরসভা গঠনের অন্যতম প্রধান শর্ত।
কবীর আহমেদ ভূঞা চিঠিতে আরও উল্লেখ করেন, তন্তরে ইতিমধ্যে পাঁচটি বেসরকারি ব্যাংক, বীমা কোম্পানি, ডায়াগনস্টিক সেন্টার এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত উন্নত। জনসংখ্যার ঘনত্ব উল্লেখযোগ্য এবং পৌরসভা ঘোষণার সব ধরনের অবকাঠামোগত সুবিধা এখানে বিদ্যমান। তিনি স্পষ্টভাবে জানান, তন্তরকে পৌরসভা ঘোষণা করা হলে সরকারের রাজস্ব আহরণ বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং নাগরিক সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে।
এলাকাবাসী জানান, কবীর আহমেদ ভূঞা দীর্ঘদিন ধরে আখাউড়া অঞ্চলের সার্বিক উন্নয়নে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। এমপি না হয়েও তিনি একের পর এক উন্নয়নমূলক প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে উপস্থাপন করছেন এবং এলাকার মানুষের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার থাকছেন। তন্তর বাজারকে পৌরসভা ঘোষণার এই দাবিটি এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। কবীর আহমেদ ভূঞা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কড়া নাড়লেন — এটিই এলাকাবাসীর কাছে সবচেয়ে বড় আশার আলো।
উল্লেখ্য, চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আখাউড়াকেও পাঠানো হয়েছে। স্থানীয়রা আশাবাদী যে কবীর আহমেদ ভূঞার এই জোরালো উদ্যোগের ফলে দ্রুততম সময়ের মধ্যে তন্তর বাজার পৌরসভার মর্যাদা পাবে এবং আখাউড়া উপজেলার উন্নয়নে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah