সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 24 বার পঠিত
লন্ডনে বসেও নিজের এলাকার মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ পর্যায়ে সোচ্চার থাকেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী কবীর আহমেদ ভূঁইয়া। তাঁরই আনুষ্ঠানিক আবেদনের জেরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে নতুন ‘বরিশল ইউনিয়ন’ গঠন এবং তা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার দাবিতে বুধবার বিকেলে বরিশল ঈদগাহ মাঠে বিশাল গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে ছয় গ্রামের কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।
প্রস্তাবিত ইউনিয়নে অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, কোড়াবাড়ি, শ্যামনগর ও চান্দি। এগুলো বর্তমানে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের অধীনে রয়েছে। কবীর আহমেদ ভূঁইয়া এই প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর মন্ত্রণালয় জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় এবং পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সদর ইউএনওকে তদন্তপূর্বক মতামত পাঠাতে চিঠি দেওয়া হয়।
বরিশল গ্রামের বাসিন্দা মো. সালাউদ্দিন বলেন, আখাউড়া যেতে মাত্র দুই থেকে তিন মিনিট লাগলেও জেলা সদরে যেতে প্রায় এক ঘণ্টা পথ পাড়ি দিতে হয়। শিক্ষা, স্বাস্থ্যসহ দৈনন্দিন সব প্রয়োজনেই তাঁরা আখাউড়ার ওপর নির্ভরশীল। তাই প্রশাসনিকভাবে আখাউড়ার সঙ্গে যুক্ত হওয়ার দাবি তাঁদের দীর্ঘদিনের।
লন্ডন থেকে মুঠোফোনে কবীর আহমেদ ভূঁইয়া জানান, এই গ্রামগুলোর মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবন পুরোপুরি আখাউড়াকেন্দ্রিক হলেও প্রশাসনিক জটিলতায় তাঁরা বঞ্চিত হচ্ছেন। নতুন ইউনিয়ন গঠিত হলে তাঁদের জীবনমানে বড় পরিবর্তন আসবে।
গণশুনানি শেষে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, স্থানীয়দের যোগাযোগ সুবিধা ও বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah