সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 150 বার পঠিত
বাঞ্ছারামপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা শারমিন এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মানিকুর রহমানসহ অন্যান্যরা।
বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৯৫০ জন কৃষক ও কৃষাণীর মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়। এর মধ্যে তিল চাষের জন্য ১০০ জন কৃষককে প্রতি জনকে ১ বিঘা জমির জন্য ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
পাট চাষের জন্য ১৫০ জন কৃষককে প্রতি জনকে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়া আউশ ধান চাষের জন্য ৭০০ জন কৃষককে প্রতি জনকে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিখাতে পুনর্বাসনে সহায়তা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Posted ৫:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah